logo
Advertisement

বরগুনায় ২৪ ঘণ্টায় পাঁচ মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, বরগুনা
বরগুনায় ২৪ ঘণ্টায় পাঁচ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বরগুনায় গত ২৪ ঘণ্টায় এক কলেজছাত্র ও দুই নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে সদর উপজেলায় তিনজন এবং পাথরঘাটা ও বামনা উপজেলায় একজন করে মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

শুক্রবার (১২ জুন) দুপুর থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার মধ্যে সদর, পাথরঘাটা ও বামনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গণপিটুনিতে সন্ত্রাসী নিহত ও দুই নারীর আত্মহত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া এলাকা থেকে মোসা. কনা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় কিসলু শিকদারের স্ত্রী। একইদিন সদরের ঢলুয়া ইউনিয়নের নলী এলাকা থেকে ৯৩ বছর বয়সি সালেহা বেগম নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার (১২ জুন) দুপুরে সদরের বুড়িরচর ইউনিয়নে মাদক বিক্রিকে কেন্দ্র করে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেন চিহ্নিত মাদক কারবারে ইব্রাহিম হোসেন কালু ও তার সহযোগীরা। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী হামলা চালালে গণপিটুনিতে কালু বাহিনীর প্রধান ইব্রাহিম কালু নিহত হন।

সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, দুই নারীর ঝুলন্ত মরদেহ এবং গণপিটুনিতে নিহত এক চিহ্নিত সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

অটোচালককে কুপিয়ে হত্যা

পাথরঘাটায় মিজানুর রহমান (৪৫) নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে পাথরঘাটা পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে। নিহতের মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, প্রাথমিক আলামতে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কানে হেডফোন লাগানো কলেজছাত্রের লাশ

শনিবার বেলা ১১টার দিকে বামনা উপজেলার কলাগাছিয়া এলাকা থেকে মো. এহসান (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বামনা থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, উদ্ধারের সময় নিহতের কানে হেডফোন লাগানো ছিল। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সামাজিক উন্নয়ন সংগঠন ‘নজরুল স্মৃতি সংসদ’-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না এশিয়া পোস্টকে বলেন, বিচারের দীর্ঘসূত্রিতা ও দারিদ্র্যের কারণে সমাজে ‘মব জাস্টিস’ বা মব সন্ত্রাসের প্রবণতা বাড়ছে। এ ছাড়া নারীদের নিয়ন্ত্রণ ও অবদমন করার ধর্মীয় উন্মাদনা থেকেও আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক বিকৃতি ঘটছে, যা থেকে উত্তরণে আইনের যথাযথ প্রয়োগ এবং সময়োপযোগী সংস্কার অত্যন্ত জরুরি।

বিষয় :