logo

নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার সকালে তোলা। ছবি: এশিয়া পোস্ট

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরিবহন শ্রমিকরা এই ধর্মঘট শুরু করলে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে অনেককে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। এতে যাত্রার সময় বাড়ার পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

সকাল ১০টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাস ছেড়ে যাচ্ছে না। বাস টার্মিনালে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে আছে, আর যাত্রীরা বিকল্প যানবাহনের সন্ধানে ছোটাছুটি করছেন।

সাপাহার উপজেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে মামলার শুনানিতে অংশ নিতে সকালে নওগাঁ শহরে আসেন মিজানুর রহমান।

তিনি জানান, সকালে সাপাহার স্ট্যান্ডে গিয়ে কোনো বাস না পেয়ে তিন ধাপে ব্যাটারিচালিত রিকশা বদলে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার ভাড়ার জায়গায় তাকে ২৫০ টাকা খরচ করতে হয়েছে এবং সময়ও লেগেছে দ্বিগুণ। ফেরার পথেও একই ভোগান্তির আশঙ্কা করছেন তিনি।

জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নওগাঁ শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তার অভিযোগ, পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শ্রমিকদের নিজেদের বিরোধের খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

ধর্মঘটের কারণ প্রসঙ্গে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি বিধি অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ থাকলেও প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের সতর্কবার্তা অমান্য করে অটোরিকশা চালানো হচ্ছে। এতে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতেই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস চলবে না।

রফিকুল ইসলাম আরও জানান, গত সেপ্টেম্বরে যাত্রী তোলা নিয়ে বিরোধের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনায় তিন দিন ধর্মঘট হয়েছিল। তখন প্রশাসনের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তা মানা হচ্ছে না। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগেও কোনো সমাধান আসেনি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে পাল্টা অভিযোগ করেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। তার দাবি, বাস মালিক ও শ্রমিকেরা বারবার দাবি আদায়ে সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করছেন এবং সড়কে অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছেন। গত সেপ্টেম্বরে প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করার অভিযোগও করেন তিনি।

প্রশাসনের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের বৈঠকে ওই সময়সূচি একটি প্রস্তাব হিসেবে এসেছিল, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছিল এবং পরবর্তী বৈঠকে বিষয়টি নিষ্পত্তির কথা থাকলেও আর কোনো বৈঠক হয়নি।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট