logo

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
বোরহানউদ্দিন থানা। ছবি: এশিয়া পোস্ট

ভোলায় ঝুলন্ত বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বাবাকে বাঁচাতে এসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের দুই ছেলে মো. আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন সকালে আলম বক্তার তার তিন ছেলেকে নিয়ে তজুমদ্দিন থেকে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে ঝুলন্ত একটি ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সরাতে গিয়ে প্রথমে বিদ্যুতায়িত হন আলম বক্তার।

এ সময় তাকে বাঁচাতে নিচে থাকা এক ছেলে রাকিব এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে বাবা ও ভাইকে বাঁচাতে গাছে থাকা অপর ছেলে রহিম নিচে নেমে তাদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে বাবা ও তার দুই ছেলে মারাত্মকভাবে আহত হন।

পরবর্তীকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাই রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় সামান্য আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যান বাবা আলম বক্তার।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।