Advertisement

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
আটক দুজন। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক এবং ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল নিজ নিজ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে তিন মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া ব্যাটালিয়নের আওতাধীন অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেন। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত সব মালামালের মোট মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।