logo

নাটোরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৪, বরগুনা থেকে রওনা হয়েছিল বাসটি

নাটোরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৪, বরগুনা থেকে রওনা হয়েছিল বাসটি
দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস। ছবি: সংগৃহীত

বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি নাইস পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় বরগুনা থেকে যাওয়া কোনো যাত্রী নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাস কাউন্টারের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়। বাসটিতে বরগুনা থেকে ১০ জন যাত্রী উঠেছিলেন বলে জানা গেছে। তাদের অধিকাংশের গন্তব্য ছিল ফরিদপুর ও ভাঙ্গা। এছাড়া মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের যাত্রীও ছিলেন। বরগুনা থেকে বাসটিতে রাজশাহীগামী একজন যাত্রী ছিলেন বলেও জানা যায়।

আরপি নাইস পরিবহনের বরগুনার কাউন্টার ইনচার্জ সুব্রত জানান, সোমবার বিকেল ৪টার দিকে বাসটি বরগুনা থেকে ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। দুর্ঘটনায় বরগুনা থেকে যাওয়া কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।