মুন্সীগঞ্জে প্রতিবেশী বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রতিবেশী বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অভিযুক্ত ইউসুফ শেখের গোয়ালঘর থেকে নোংরা পানি ও আবর্জনা পাশের বাড়িতে ছড়িয়ে পড়া নিয়ে প্রতিবেশী জরিপ শেখের সঙ্গে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ বাগ্বিতণ্ডায় জড়ান। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইউসুফ শেখ ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে জরিপ শেখকে উপর্যুপরি আঘাত করেন। এতে জরিপ শেখ গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফ ও তার ছেলে পলাশকে আটক করেছে।
ওসি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
