বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে প্রয়োজনীয় মেরামত কাজ শেষ করে রাতের মধ্যেই ইউনিটটি পুনরায় চালুর আশা কর্তৃপক্ষের।
রোববার (২ আগস্ট) বিষয়টি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (১ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে কেন্দ্রটির ওই ইউনিটে কারিগরি সমস্যা দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটিতে বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিটটি থেকে দৈনিক ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছিল। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে। এই ইউনিট থেকে এখন ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই পুরোপুরি বন্ধ রয়েছে।
এ বিষয়ে প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শনিবার ভোরে একটি পাম্প বন্ধ হয়ে যাওয়ায় ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন থমকে যায়। ইতিমধ্যে ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ইউনিটটি আবার সচল করা হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করবে।
