Advertisement

এক্সপ্রেসওয়ের রেলিংয়ে প্রাইভেটকারের ধাক্কা, আহত ২

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
এক্সপ্রেসওয়ের রেলিংয়ে প্রাইভেটকারের ধাক্কা, আহত ২
ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ঢাকার সায়েন্সল্যাব-ধানমন্ডি এলাকার বাসিন্দা সুরিদ শাহরিয়ার (২৭) ও সাকিব শাহরিয়ার (২৮)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাইভেটকারটি সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হয়ে আটকে পড়েন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। গাড়িতে চালকসহ মোট তিনজন ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।