ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে লালমোহনে বাস ও অটোরিকশা সংঘর্ষে এক নারীসহ তিনজন ও বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া বাজারসংলগ্ন ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ভোলা-চরফ্যাশন সড়কে ও বোরহানউদ্দিনের উদায়পুর রাস্তার মাথাসংলগ্ন কামাল চেয়ারম্যানের বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
লালমোহনে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শিল্পী রানী দাস ও তুষার দাস। অন্যদিকে বোরহানউদ্দিন দুর্ঘটনায় সোহাগ নামে একজন নিহত হয়েছেন। তিনি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মো. সেলিমের ছেলে।
স্থানীয়রা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে গজারিয়া বাজার এলাকায় যাওয়ার সময় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আসলে ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় এক নারীসহ অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় বাস ও অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন।
অপরদিকে ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সোহাগ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে সোহাগ ও তার বন্ধু সিয়ামসহ কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেল চালিয়ে বোরহানউদ্দিন যাচ্ছিল। পরে উদায়পুর রাস্তার মাথাসংলগ্ন কামাল চেয়ারম্যানের বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন এবং তার বন্ধু সিয়ামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর ইসলাম ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।