শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

এশিয়া পোস্ট নিউজ, যশোর
শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
মহব্বত হোসেন। ছবি: সংগৃহীত

ব্যবসায়িক কাজ শেষে খালাবাড়িতে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন এক যুবক। পথে শিয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মহব্বত হোসেন (২৮)। তিনি সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মন্ডলের একমাত্র ছেলে। খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে ফার্নিচারের ব্যবসা ছিল মহব্বতের।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় খালাবাড়ি থেকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহব্বত। পথে রাত সাড়ে ৯টার দিকে বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় আকস্মিকভাবে একটি শিয়াল মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মহব্বত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নং ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যুবকের ফুসফুস ফেটে যায়। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছালে তার মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনায় মহব্বত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। সুরাতল রিপোর্ট তৈরির কাজ চলছে।

বিষয় :যশোর