Advertisement

ডিলারের কাছে সার না পেয়ে মহাসড়ক অবরোধ কৃষকদের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
ডিলারের কাছে সার না পেয়ে মহাসড়ক অবরোধ কৃষকদের বিক্ষোভ
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ আমন চাষিরা।

Advertisement

সোমবার (১০ আগষ্ট) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজারে কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহ করতে তারা স্থানীয় ‘মাধু ভট্টাচার্য্য ডিলার পয়েন্টে’ যান। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকরা প্রয়োজন অনুযায়ী সার পাননি। চাহিদা অনুযায়ী সার না দিয়ে ডিলার পয়েন্টটি বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন কৃষকরা। সময়মতো জমিতে সার দিতে না পারলে আমন উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে বাধ্য হয়ে রাজপথে নামেন তারা।

অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত পাথরবাহী ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ থানা-পুলিশ। প্রশাসন কৃষকদের দাবি শুনে আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখেছি। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি করে কিংবা কোনো অনিয়ম করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।