খাবার খাওয়ার সময় মাটির দেয়াল ধসে যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
খাবার খাওয়ার সময় মাটির দেয়াল ধসে যুবকের মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল চাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকার মো. এখলাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মালেক (৪০) ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। তার নিজের বাড়ি পার্শ্ববর্তী পশ্চিম হলদিয়া গ্রামে হলেও পরিবার নিয়ে তিনি জামবাগান এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, দুর্ঘটনার সময় ওই ব্যক্তি ঘরে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় অতিবৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে পড়লে মালেক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। দিনমজুরি করেই মালেক সংসার চালাতেন, তার আয়ের অন্য কোনো উৎস ছিল না।

জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।