কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এশিয়া পোস্টকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার-মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, ফারজানা নামের একটি বাস দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এ সড়কটি যতদিন প্রসারিত করা হবে না, ততদিন দুর্ঘটনা হবে। আর ফারজানা নামক এ বাস মারাত্মক গতিতে চালায়। এর আগেও এ বাসে দুর্ঘটনা ঘটেছে।
দেবিদ্বার-মিরপুর হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।