Advertisement

সুবর্ণচরে এক দিনে তিন মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
সুবর্ণচরে এক দিনে তিন মরদেহ উদ্ধার
চরজব্বার থানার ফটক। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক ঘটনায় নারী-শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানা-পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—বেসরকারি সংস্থা ব্র্যাকের স্থানীয় কাঞ্চন বাজার শাখার কর্মী দাউদুল ইসলাম (৩০), চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের গৃহবধূ তামান্না আক্তার (২৩) এবং চরআমান উল্যাহ ইউনিয়নের নয়া পাড়া গ্রামের তিন বছর বয়সি শিশু হামিম। নিহত দাউদুল ইসলাম ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ কক্ষ থেকে ব্র্যাককর্মী দাউদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, গৃহবধূ তামান্না আক্তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিলে স্বজনেরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, চরআমান উল্যাহ ইউনিয়নের নয়া পাড়া গ্রামে বসতবাড়ির পুকুরে ডুবে তিন বছর বয়সি শিশু হামিমের মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ব্র্যাককর্মী দাউদুল ও গৃহবধূ তামান্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ দুটি ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় :