logo

তেল আনতে গিয়ে ফেরা হলো না দুই বন্ধুর

তেল আনতে গিয়ে ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জন্য তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত মো. অন্তরের পর আহত অবস্থায় চিকিৎসায়ধীন তার বন্ধু মো. ইব্রাহীম ইমনও মারা গেছেন।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে অন্তর ও তার বন্ধু ইমন মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়। দুর্ঘটনার ৪দিন পর সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যান।

রামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এনায়েত উল্যাহ বলেন, চার ভাই ও দুই বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল। কিছু দিন পর ইমন পরিবারের হাল ধরতে প্রবাসে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, বিষয়টি আমরা অবগত নই। তবে খোঁজ-খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।