logo

তিন স্কুলে গিয়েও কোনো শিক্ষক পেলেন না এমপি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
তিন স্কুলে গিয়েও কোনো শিক্ষক পেলেন না এমপি
তালাবদ্ধ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখেন এমপি কামরুজ্জামান কামরুল। ছবি: এশিয়া পোস্ট

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে যাচ্ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুল।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে নদীপথে স্পিডবোটে করে যাওয়ার সময় তিনি মধ্যনগর উপজেলার আবিদনগর, দুগনই ও কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। কিন্তু কোনো বিদ্যালয়েই শিক্ষককদের পাননি তিনি।

জানা গেছে, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল প্রথমে সকাল সাড়ে ৯টায় মধ্যনগর উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। কিন্তু কোনো শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত পাননি। এরপর ৯টা ৪২ মিনিটে একই এলাকার দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও কোনো শিক্ষক পাননি। পরে সকাল ১০টায় কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েও কোনো শিক্ষক পাননি এবং বিদ্যালটি তালাবদ্ধ দেখতে পান। এ সময় তিনি বিদ্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বিদ্যালয়ের পাঠদানের সময় শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিক তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং বিষয়টি দেখার জন্য বলেন।

এমপি কামরুজ্জামান কামরুল বলেন, আজ সকালে মধ্যনগরে যাচ্ছিলাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দেখতে তিনটি বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, কোনো স্কুলেই শিক্ষক-শিক্ষিকাদের পাইনি। বিদ্যালয়ের পাঠদানের সময়েও শিক্ষকরা অনুপস্থিত ছিলেন। বিষয়টি দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি।