logo

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা

ইজমো আহম্মেদ ও আবিদ হাসান মুছা
গোপালগঞ্জ
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
কোলাজ ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টারসহ বেশির ভাগ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিসে তালা ঝুলতে দেখা গেছে। ফলে জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন এবং বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা আছে, সেখানেও কোনো লেনদেন হচ্ছে না।

Advertisement

একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সকাল থেকেই সেবা নিতে আসা গ্রাহকেরা অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন।

কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ এক ভুক্তভোগী গ্রাহক জিল্লুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে টাকার জন্য ঘুরছি। দোকানে গেলে বলছে সার্ভার বন্ধ বা টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখি তালা মারা। এখন জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাব, কিন্তু কোনো উপায় পাচ্ছি না।

আরেক গ্রাহক ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, গতকাল রাত থেকেই আমার বিকাশে লেনদেন করতে পারছি না। কল সেন্টারে ফোন দিলাম তারা কোনো তথ্য বা কারণ জানাতে পারেনি। আজকে দুপুরে আমার নম্বরে একটা ম্যাসেজ এসেছে ‘ দুঃখিত স্যার আপনার একাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে’। এই অবস্থায় আমি চরম ভোগান্তিতে পড়েছি। বিকাশেই আমি লেনদেন করি। আমার অর্থের প্রয়োজন, সব টাকা বিকাশে আমার।

আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব জানান, আমাদের প্রতিদিনের ব্যবসার লেনদেন বিকাশ আর নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ করে এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় আমরা টাকা ক্যাশ আউট করতে পারছি না। কিছু নম্বর এখনও বন্ধ হয়নি। সেটা দিয়েই আপাতত কাজ চালাচ্ছি।

আরেক ভুক্তভোগী গ্রাহক কিশোর বালা বলেন, সম্ভবত নিরাপত্তাজনিত শঙ্কা অথবা কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন হাউসগুলো সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক এশিয়া পোস্টকে বলেন, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িক বন্ধ রয়েছে। তবে ৩০ তারিখ থেকে আবার চালু হতে পারে বলে জানান তিনি।