logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

পিরোজপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পিরোজপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
পিরোজপুরে বেসরকারি প্রতিষ্ঠান ‘দেশ ক্লিনিক অ্যান্ড দেশ ডায়াগনস্টিক সেন্টার’। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরে ভুল চিকিৎসা ও নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অস্ত্রোপচারের কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে ‘দেশ ক্লিনিক’ নামে একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্লিনিকটির চিকিৎসক বাদলের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ তুলেছেন নবজাতকের বাবা তারিকুল ইসলাম।

নিহত নবজাতকের মা ফাইজা আক্তার পিরোজপুরের জিয়ানগর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি তারিকুল ইসলামের স্ত্রী।

Advertisement

পরিবারের অভিযোগ, গত ১১ নভেম্বর ফাইজা আক্তারকে দেশ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক বাদল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভের পানির পরিমাণ কমে যাওয়ার কথা জানিয়ে দ্রুত সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচার না করালে নবজাতক মারা যেতে পারে বলেও জানান তিনি। পরে ২৫ হাজার টাকার বিনিময়ে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়।

পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর অসুস্থ অবস্থায় জন্ম নেওয়া কন্যাশিশুটিকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর সকালে শিশুটির মৃত্যু হয়।

নবজাতকের বাবা তারিকুল ইসলাম বলেন, ১১ নভেম্বর স্ত্রীকে দেশ ক্লিনিকে ভর্তি করিয়েছি। চিকিৎসক বাদল পরীক্ষা-নিরীক্ষার পর বলেন, গর্ভের পানি শুকিয়ে গেছে, দ্রুত সিজার করতে হবে। সিজার না করালে বাচ্চা মারা যাবে। কিন্তু অস্ত্রোপচারের পর ক্লিনিকের পরীক্ষার রিপোর্টে পানির পরিমাণ ৯ দশমিক ৪২ শতাংশ দেখা যায়। চিকিৎসক ভুল তথ্য দিয়ে সিজার করেছেন বলে আমার অভিযোগ। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চিকিৎসকের বিচার চাই।

এদিকে নবজাতকের চিকিৎসায় যুক্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পাপিয়া বৈরাগী পূজা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে অস্ত্রোপচারের কারণে শিশুটির শারীরিক গঠন পূর্ণতা না পাওয়ায় জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।

দেশ ক্লিনিকের মালিক ডা. বাদলের মুঠোফোনে কল দিলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে ওই ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।