logo
Advertisement

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও মোবাইল তল্লাশি, জনতার গণধোলাই

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ফেনী
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও মোবাইল তল্লাশি, জনতার গণধোলাই
ভুয়া পুলিশ চক্রের তিন সদস্য আটক। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর ছাগলনাইয়ায় ভুয়া পুলিশ চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটককৃতদের রোববার (৬ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই তিন যুবক উত্তর যশপুর গ্রামে ঢুকে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে পথচারীদের মোবাইল ফোন তল্লাশি করতে থাকেন। নানা অজুহাতে অনেকের মোবাইল হাতিয়ে নেন। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে মানুষের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তাদের কথাবার্তা ও চালচলন সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। ভুয়া পরিচয়ের বিষয়টি স্পষ্ট হলে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটকরা হলেন—ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া (কাগজী গ্রাম) এলাকার মৃত রহিম উল্যাহর ছেলে ইমাম হোসেন (২৮), একই ওয়ার্ডের মাস্টার বাড়ির কবির আহাম্মদের ছেলে নাজমুল হক মুন্না (৩৮) এবং ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যশপুর গ্রামের ওমর আলী মজুমদার বাড়ির ফিরোজ আহম্মদের ছেলে রাজীব হোসেন (৩৬)। আটক ইমাম হোসেনের বিরুদ্ধে পূর্বে ছাগলনাইয়া থানায় ২টি এবং নাজমুল হক মুন্নার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় উত্তর যশপুর গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা নাজমুল হাসান ভূঁইয়া (৩২) বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় রোববার সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, এই চক্রটি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও চাঁদাবাজি করে আসছিল। মামলা দায়েরের পর আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।

বিষয় :