ছাগল খুঁজতে গিয়ে বাঘের হামলায় আহত ৩, বিজিবির ফাঁকা গুলি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বাঘের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল ৯০৫ নম্বর পিলারসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। বাঘের আক্রমণে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), একই এলাকার নজরুল ইসলাম ও আফসার আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমঝোল এলাকার শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান। সীমান্তের কাছাকাছি পৌঁছালে তিনি দেখতে পান, একটি বাঘ ছাগলকে আক্রমণ করছে। এ সময় শরিফা বেগম ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাকে আক্রমণ করে। শরিফার চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে দ্রুত ছুটে আসেন। এ সময় বাঘটি ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের ওপরও চড়াও হয় এবং তিনজনকে আহত করে। পরে বিজিবি এসে ফাঁকা গুলি ছুড়লে বাঘটি পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন রহমান জানান, বাঘের আক্রমণে আহত ব্যক্তিরা হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরা রয়েছেন। তারা বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। আহতদের পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছেন।