মানুষ ভয়-ভীতির উর্ধ্বে থেকে যেন ভোট দিতে পারে: মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনের হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, মানুষ ভয়-ভীতির উর্ধ্বে থেকে যেন ভোট দিতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জনগণ যাকে ভোট দেবে সেখানে যেন কোন ইঞ্জিনিয়ারিং না হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফয়জুল করিম বলেন, ভোটের পরিবেশ ভালো, তবে ফলাফলের আগ পর্যন্ত কিছু বলা যাবে না।
এদিকে ভোট সুন্দর ও সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বরিশাল জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। জেলার মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ১৯ হাজার ৯৩ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ৩৬ হাজার ৪৬৭ জন। এই ৬টি সংসদীয় আসনে মোট ৮৩৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।