কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি, বিপাকে দিনমজুরেরা

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, অটোরিকশাচালক ও দিনমজুরের মতো দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
দুপুরে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে পথচারীদের চলাচল কমে গেছে। অনেক রিকশা ও অটোরিকশা যাত্রীর অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে।
রিকশাচালক আপেল বলেন, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। রিকশা নিয়ে বসে আছি, কোনো যাত্রী পাচ্ছি না। এভাবে বৃষ্টি চললে আমাদের সংসার চালানো কঠিন হয়ে যাবে।
অটোরিকশাচালক সুজন বলেন, মানুষ ঘর থেকে বের হচ্ছে না, তাই ভাড়াও মিলছে না। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আরও চলবে।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টা তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
