মৎসজীবী দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, আদনান দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। বুধবার রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে সাহরি খাওয়ার জন্য পরিবারের লোকজন ডাকতে গেলে দরজা খুলে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর কারণ নিশ্চিত হওয়া যাবে।