logo

ভোগান্তি কমাতে ‘অয়েল অ্যাপে’ তেল বিক্রি

ভোগান্তি কমাতে ‘অয়েল অ্যাপে’ তেল বিক্রি

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে তেল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে কার্যকর পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হক। একইসঙ্গে উপজেলার সুগন্ধা ফিলিং স্টেশনেও সমন্বিতভাবে এ কার্যক্রম শুরু করা হয়।

নতুন ব্যবস্থার আওতায় পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, নম্বর প্লেট এবং গৃহীত তেলের পরিমাণ তাৎক্ষণিকভাবে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকে তেল সরবরাহ করা হচ্ছে না। নির্ধারিত সময়ের আগে পুনরায় তেল নেওয়ার চেষ্টা করলে অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের ফলে একাধিকবার তেল সংগ্রহ, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি কমে আসবে। এতে জ্বালানি বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ ভোক্তাদের ভোগান্তিও হ্রাস পাবে।

ইউএনও মোহাম্মদ রিফাতুল হক বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। ইতোমধ্যে একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করায় ১৪-১৫ জন মোটরসাইকেল চালককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউএনও বলেন, প্রাথমিকভাবে পাংশার দুটি প্রধান ফিলিং স্টেশনে এ কার্যক্রম চালু করা হলেও ভবিষ্যতে এর পরিসর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রশাসন সকল প্রকার কালোবাজারি ও অবৈধ মজুতদারদের সতর্ক করে জানিয়ে দিয়েছে- জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।