logo

১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২
জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার। ছবি : পুলিশের সৌজন্যে

লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) লালমনিরহাট পৌর এলাকা ও কুড়িগ্রাম সদরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে লালমনিরহাট থানা পুলিশ।

Advertisement

গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. নুর আলম (৩৮)।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে লালমনিরহাট পৌরসভার মিশনমোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে থেকে জুলফিকার আলীকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে দুটি খাকি খামের ভেতর থেকে মোট ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি খামে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি (১ লাখ ৫০ হাজার টাকা) এবং অপর খামে ২০০ টাকা মূল্যমানের ১৩০টি (২৬ হাজার টাকা) জাল নোট ছিল। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

পরে জুলফিকার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে জাল নোটের সরবরাহকারী মো. নুর আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞাতনামা আরও দুই-তিনজন সহযোগীর সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে জাল টাকা সংগ্রহ করে তা আসল টাকা হিসেবে সরবরাহ ও ব্যবহার করে আসছিলেন। এ ঘটনায় লালমনিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, শুক্রবার থেকে জেলায় ইজতেমা শুরু হয়েছে—অপরাধীরা এ ধরনের আয়োজনকে লক্ষ্য করে অপরাধ চালাতে চায়। উৎসবের আগমুহূর্ত ও চলাকালীন সময়ে জেলা পুলিশ বরাবরই বাড়তি প্রস্তুতি নেয়; সে অনুযায়ী এবারও অপ্রীতিকর ঘটনা এড়াতে ও অপরাধীদের ধরতে অভিযান চলছে।

তিনি আরও বলেন, জেলায় বড় ইজতেমা চলায় দেশ-বিদেশ থেকে নানা মানুষ আসছেন। আমাদের ধারণা, অপরাধীরা এখানে জাল টাকা ব্যবহারের চেষ্টা করতে পারে। তদন্ত অব্যাহত রয়েছে, নতুন তথ্য পাওয়া গেলে জানানো হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট