প্রতিমন্ত্রীর উদ্যোগে সৌদি থেকে দেশে ফিরলেন অসুস্থ নুর ইসলাম

সৌদি আরবের রিয়াদে দীর্ঘ দিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার প্রবাসী মো. নুর ইসলাম তালুকদার। পরিবারের আর্থিক অসচ্ছলতায় চিকিৎসা ব্যয় ও দেশে ফেরার খরচ জোগাড় করা যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন তার পাশে দাঁড়ান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
শুক্রবার (২১ আগস্ট) সকালে দেশে ফিরে আশার খবরটি নিশ্চিত করেন অসুস্থ নুর ইসলামের স্ত্রী শিলা আক্তার।
নুর ইসলাম তালুকদার কালকিনি উপজেলার কুলচুরি সস্তাল এলাকার বাসিন্দা। তিনি মো. হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
গণঅধিকার পরিষদ মাদারীপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. মামুন হাওলাদার জানান, সৌদি আরবের রিয়াদে কর্মরত অবস্থায় নুর ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। পরিবারের আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা চালিয়ে যাওয়া এবং দেশে ফিরিয়ে আনার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে মামুন হাওলাদার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে অবহিত করেন। পরে প্রতিমন্ত্রীর উদ্যোগে অসুস্থ নুর ইসলামের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
চিকিৎসার পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও বায়োডাটা সংগ্রহ করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পর শুরু হয় দেশে ফেরানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া।
দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ১৪ আগস্ট নুর ইসলাম তালুকদার সৌদি আরব থেকে দেশে ফিরতে সক্ষম হন। বর্তমানে তিনি পরিবারের কাছে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মামুন হাওলাদার বলেন, নুর ইসলাম দীর্ঘ দিন বিদেশের মাটিতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পরিবারের পক্ষে চিকিৎসা ও দেশে ফেরানোর ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে জানানোর পর তিনি দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। তাঁর নির্দেশনা ও সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নুর ইসলামকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, একজন অসহায় প্রবাসীকে বিদেশের মাটিতে চিকিৎসা নিশ্চিত করা এবং পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও প্রবাসী ও দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।



