logo

‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: এশিয়া পোস্ট

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থি কোনো কাজ কেউ করলে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে তিনি তা প্রমাণ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেন, এখনো সেভাবেই তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে বিদ্যমান আইনগত অবস্থান ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আগে যেভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতেন, বর্তমানেও সেই সুযোগ রয়েছে। এ বিষয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের বিষয়ে সরকার আশাবাদী। এ ক্ষেত্রে সরকারের ওপর আস্থা রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার মান এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন করেন।