সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও তিনজনের

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন ও নিশ্চিত হামে ১২৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে মারা যাওয়া তিনজনের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার সাড়ে তিন বছর বয়সী শিশু আয়ান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হবিগঞ্জের বানিয়াচং এলাকার ১৮ বছর বয়সী তরুণী ঝর্না রানী দাসের মৃত্যু হয়েছে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে এবং সিলেটের কোম্পানীগঞ্জ এলাকার আট মাস বয়সী শিশু এহসানের মৃত্যু হয় শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে।
চলতি বছরে সিলেট বিভাগে মোট ৮২৭ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন (যার মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত), মৌলভীবাজারে ১০২ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫১ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ২৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭১ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১২১ জন রোগী ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন ভর্তি রয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হামে মারা যাওয়াদের মধ্যে সিলেটে ৪৪ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৫২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে চার জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজন সিলেট জেলার ও দুজন হবিগঞ্জের বাসিন্দা। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জনে এবং এ পর্যন্ত এক নারী ডেঙ্গুতে মারা গেছেন।
হাম ও ডেঙ্গুর এমন উদ্বেগের মাঝেই সিলেটে দীর্ঘ ১৪ মাস পর একজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে বর্তমানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।