কক্সবাজারের মেরিন ড্রাইভে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

কক্সবাজারের টেকনাফে ডাম্পট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম নামে এক পর্যটক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের বড়ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (২১) ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারগামী একটি ট্যুরিস্ট মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগতির একটি ডাম্পট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আশরাফুল ইসলাম সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে কক্সবাজার সদর হাসপাতালে নেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দূর্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।