logo

পাটগ্রাম সীমান্তে শোনা গেল ককটেল বিস্ফোরণের শব্দ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
পাটগ্রাম সীমান্তে শোনা গেল ককটেল বিস্ফোরণের শব্দ
পুরোনো ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশিদের ঠেলে পাঠানোর (পুশইন) সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার (১৪ জুন) রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্তে ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির আওতাধীন শ্রীরামপুর বিওপির মেইন পিলার ৮৫৪-এর ১০-এস উপপিলারের বিপরীত দিকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের একটি টহল দল।

বিএসএফের ওই ক্যাম্পের সদস্যরা রোববার রাতে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায়। তারা সীমান্তের বাতি (ফ্লাডলাইট) নিভিয়ে দেয়। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন বিজিবি। তাদের সঙ্গে যোগ দেন গ্রামবাসী। বাধার মুখে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। তখন দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ককটেল দুটি বাংলাদেশের ভেতরে বিএসএফ ছুড়ে মারে বলে দবি করেছেন স্থানীয়রা।

তিস্তা ব্যাটলিয়ন-৬১ বিজিবির সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বিএসএফের পুশইনের চেষ্টা বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের অপচেষ্টা নসাৎ করতে বিজিবি প্রস্তুত। বর্তমানে সীমান্তে কড়া নজরদারি রাখা হচ্ছে।