অধ্যক্ষের অপসারণের দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের জানান, তাদের দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। পরে আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন একজন দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে সুনামগঞ্জ থেকে অপসারণের দাবিতে তারা বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কঠোর আন্দোলনে নেমেছেন। রোববারের মধ্যে তার বদলি না হলে আবারও আন্দোলনে নামবেন বলে জানান শিক্ষার্থীরা।
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আপন মিয়া বলেন, ১৮ দিন ধরে তিনি ইনস্টিটিউটে আসেন না। তার অপসারণের দাবিতে গত ১২ নভেম্বর বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ১৮ দিন ধরে টেক্সটাইল ইনস্টিটিউটে কোনো ক্লাস হচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা কঠোর আন্দোলনে নেমেছেন।
অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সোহরাব হোসেন বলেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ সঠিক নয়। অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি তদন্ত করে দেখবে। তিনি মানসিকভাবে শোকাগ্রস্ত। তার মা মারা গেছেন, তাই তিনি সুনামগঞ্জের বাইরে রয়েছেন।
