logo

পছন্দের প্রার্থীকে সভাপতি করতে চাপ, প্রধান শিক্ষককে বের করে দেওয়ার হুমকি

পছন্দের প্রার্থীকে সভাপতি করতে চাপ, প্রধান শিক্ষককে বের করে দেওয়ার হুমকি
স্কুলের অফিস কক্ষে প্রধান শিক্ষককে হুমকি। ছবি : ভিডিও থেকে নেওয়া

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষককে গালিগালাজ ও বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য ও পলিরচর গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম প্রধান শিক্ষক সামছুল ইসলামকে গালিগালাজ ও হুমকি দিয়েছেন।

প্রধান শিক্ষক সামছুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বিদ্যালয়ের ভূমিদাতা শহীদুল ইসলামের দাদা আসক আলী। ভূমিদাতা পরিবারের সদস্য হিসেবে তারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে মনোনীত করতে চান। এ জন্য তাদের আত্মীয় সোহেনা বেগমকে সভাপতি করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তবে তার স্নাতক পাসের কোনো প্রমাণপত্র তারা দেখাতে পারেননি।

পরে সভাপতি পদে গ্রামের লাল মিয়ার নাম প্রস্তাব করা হলে শহীদুল ইসলাম ও তার স্বজনেরা ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। তিনি বলেন, এর জেরে বুধবার দুপুরে প্রথমে বিদ্যালয়ের বারান্দায় তাকে গালিগালাজ করা হয়। পরে অফিস কক্ষে ঢুকে গালিগালাজের পাশাপাশি বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁকে বৃহস্পতিবার অফিসে গিয়ে বিষয়টি জানাতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে শহীদুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া বলেন, এমন একটি ঘটনা জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা হয়েছে। তাকে বৃহস্পতিবার অফিসে আসতে বলা হয়েছে। বিস্তারিত জানার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।