নারায়ণগঞ্জে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের একটি মামলায় সাজেদা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে ও শাকিল আলমের স্ত্রী।
মামলার নথি অনুযায়ী, বাদী শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় নালিশি মামলা করেন। গত সোমবার (২২ জুন) মামলাটি আমলে নিয়ে আদালত বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমি থানায় যোগদান করার আগের মামলা এটি, তবে আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে অভিযান চালিয়ে গতকাল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, আসামি ওয়ারেন্টভুক্ত হওয়ায় গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।






