নিজস্ব চাহিদা মেটাতে ডিসি কার্যালয়ের ছাদে ১২৮ সোলার প্যানেল

জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে ১২৮টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এসব প্যানেল থেকে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) ছাদে এসব সোলার প্যানেল স্থাপন করা হয়। সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। এতে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমার পাশাপাশি সরকারি বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী বলেন, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ের নিজস্ব চাহিদা পূরণ করা হবে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

