logo

রাতে গ্রেপ্তার দিনে জামিনে মুক্ত সেই যুবদল নেতা

রাতে গ্রেপ্তার দিনে জামিনে মুক্ত সেই যুবদল নেতা

রংপুরে ডিশ ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া যুবদল নেতা তামজিদুর রশিদ গালিবসহ দুজন গ্রেপ্তারের এক দিন পরই জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাশেদ হোসাইন শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

তামজিদুর রশিদ গালিব রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। হুমকির ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অপর আসামি হলেন জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন।

এর আগে সোমবার (২ মার্চ) রাতে ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাবরক্ষক মো. রাসেল তাদের বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা করেন।

এতে জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই সোমবার রাতে র‍্যাব-১৩ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে গালিব ও মিথুনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দুই প্রতিষ্ঠানের লাইন কেটে দেয় সন্ত্রাসীরা। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হন এবং দুই প্রতিষ্ঠান প্রায় সাত লাখ টাকার ক্ষতির মুখে পড়ে। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোববার (১ মার্চ) বিকেলে গালিব ও মনুসহ ১৫/২০ জন অফিসে হামলা চালিয়ে কর্মীদের মারধর এবং অফিসের সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় হুমকি দেন, এক দিনের মধ্যে তামজিদুর রশিদ গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে হবে। এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদি হাসান কাফিকে মোবাইলে হুমকি দেন, ‘তুই আওয়ামী লীগের দালালি করছিস। তোর বাসায় গিয়ে গুলি করে আসব। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস, তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’

তাদের এই হুমকি-ধমকি ও হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে অভিযুক্ত দুই নেতাকে ১ মার্চ রাতে বহিষ্কার করে যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।