logo

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। 

শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই নিয়ে চলতি মাসে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। যাদের প্রত্যেকের বয়স এক বছরেরও কম। 

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে একজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৭ মাস বয়সি বিশ্বজিত নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।  

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে একজন। 

বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।