খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় মোট ২৫টি স্টল অংশ নিয়েছে। খাগড়াছড়ি বন বিভাগের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে ৬৮ হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হবে।
মেলার উদ্বোধন শেষে টাউন হল সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রকৃতি ও বন উজাড় করে পাহাড় কাটতে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যতই ক্ষমতাবান বা প্রভাবশালী হোক না কেন, আইন ভঙ্গ করলে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)





