logo

ফেসবুক-টিকটকে পরিচয়, ঢাকা থেকে কুমিল্লায় ডেকে কিশোরীকে ধর্ষণে যুবক গ্রেপ্তার

ফেসবুক-টিকটকে পরিচয়, ঢাকা থেকে কুমিল্লায় ডেকে কিশোরীকে ধর্ষণে যুবক গ্রেপ্তার
রাজীব আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে পরিচয়ের সূত্রে গড়ে ওঠা প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় এসে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাজীব আহমেদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজীব আহমেদ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের আজগর আলীর ছেলে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার একটি কাপড়ের দোকানের কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। টিকটক ও ফেসবুকের মাধ্যমে রাজীবের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে কুমিল্লায় যায় সে। রাত ৯টার দিকে রাজীব তাকে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় গ্রহণ করেন। পরে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

একপর্যায়ে কিশোরীর চিৎকার-চেঁচামেচিতে অভিযুক্ত রাজীব ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিলে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল রাত ২টার পর ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া এশিয়া পোস্টকে জানান, ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত রাজীব আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।