গরু গাছের চারা খাওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গরুতে গাছের চারা খাওয়া কেন্দ্র করে দ্বন্দ্বে তোতা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আনা হয়েছে বলে জানা গেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তোতা মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মৃত আসাদুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় তোতা মিয়ার গরু প্রতিবেশী রবি মিয়ার একটি গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধান বহনের দুই মুখ সূচালো লম্বা 'বারবাঁশ' দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করেন রবি মিয়া। তোতা মিয়া মাটিতে পড়ে গেলে রবি ওই বারবাঁশের সূচালো অংশ তার বুকে ঢুকিয়ে দেন। এতে তোতা মিয়া গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোববার তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তোতা মিয়াকে মমেক হাসপাতালে রেফার করেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য পলাশ মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় হাওর থেকে আনার সময় তোতা মিয়ার গরু রবি মিয়ার একটি গাছের চারা খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে রবি মিয়া তোতা মিয়ার একটি পেঁপে গাছ কেটে ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে রবি মিয়া ধান পরিবহনে ব্যবহৃত দুই মুখ সূচালো বারবাঁশ দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করেন। একপর্যায়ে বারবাঁশের সূচালো অংশ তোতা মিয়ার বুকে বিদ্ধ করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রোববার অবস্থার অবনতি হলে তাকে মমেক হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বুকে সূচালো বারবাঁশ বিদ্ধ হওয়ার কারণেই তোতা মিয়ার মৃত্যু হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সোমবার বিকেলে ময়মনসিংহে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযুক্ত রবি মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।


