logo
Advertisement

ফোনে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজনড়াইল
ফোনে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু
মৃত রাসেল শেখ হাসু। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে ফোনে ডেকে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাসেল শেখ হাসু নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে নিজ ঘর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে স্থানীয় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই গ্রামের মিলন শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে আটকের পর একদল উত্তেজিত ব্যক্তি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

রাসেল শেখ হাসু ওই গ্রামের আকবর শেখের ছেলে। তিনি বাড়ির পাশেই একটি মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ফোনে কল পেয়ে রাসেল শেখ বাড়ি থেকে বের হন। পর দিন সকালে পরিবারের সদস্যরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

রাসেলের বড় ভাই সাদ্দাম শেখের দাবি, মিলন শেখ ফোনে ডেকে তার ভাইকে বাড়ি থেকে নিয়ে যান। কীভাবে তিনি বাড়িতে ফিরেছেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না। সকালে রাসেলের মুখ দিয়ে ফেনা ও লালা বের হতে দেখেন। তার পিঠে ইনজেকশনের ছিদ্রের মতো একটি দাগও রয়েছে।

পরিবারের ধারণা, দোকানের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ইনজেকশন প্রয়োগ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মিলনের সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলেও তারা জানতে পেরেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।