logo

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ওই দুজন অটোরিকশায় ওঠার সময় পেছন থেকে কারটি অটোরিকশায় ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিওসি মোড়ের ওয়াপদা-সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

নিহতরা হলেন—রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫)। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দাশপাড়া এলাকায়।

জানা গেছে, দোহাজারীর লোকনাথ সেবাশ্রমের উদ্বোধন উপলক্ষে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে নিমন্ত্রণ জানাতে গিয়েছিলেন রনজিত ধর ও বাবুল দে। ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে অটোরিকশাটি যাত্রী তুলছিল। এমন সময় পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রনজিত ও বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন, দোহাজারী দাশপাড়া এলাকার দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, সীতাকুণ্ড এলাকার প্রাইভেটকারের যাত্রী মিরাজ, জেরিন আফরোজ, ইহসান ও মশিউর রহমান। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।