logo

খেলার মাঠ ভেঙে নদীগর্ভে, হুমকিতে শতকোটি টাকার বাঁধ 

খেলার মাঠ ভেঙে নদীগর্ভে, হুমকিতে শতকোটি টাকার বাঁধ 

চাঁদপুরর হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় এক রাতের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েক একর বালুচর। এতে শতকোটি টাকার নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।

বুধবার (৮ এপ্রিল) চরভৈরবী ইউনিয়নের ১নং গাজীনগর এলাকায় সরেজমিনে দেখা যায়, বাঁধসংলগ্ন বিস্তীর্ণ বালুচর এখন গভীর গর্ত ও পানিতে তলিয়ে গেছে। 

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন রাঁড়ী, আবুল হোসেন, দুধু রাঁড়ী আক্ষেপ করে বলেন, আগের দিন বিকেলেও সেখানে ফুটবল খেলা হয়েছিল, কিন্তু সকালে গিয়ে দেখা যায় পুরো এলাকা মেঘনার পানিতে ডুবে গেছে। আশপাশে খোলা জায়গা না থাকায় এই বালুচরই ছিল শিশুদের একমাত্র খেলার মাঠ। 

ঘটনার খবর পেয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও অমিত রায় জানান, ফসলি জমি-খেলার মাঠ ও বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বাঁধের ঝুঁকি কমাতে তাৎক্ষণিকভাবে ব্লক ফেলে মেরামত কাজ শুরু হয়েছে।