বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক রফিকুল ইসলাম

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মহাপরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। এর আগে তিনি পরিচালক (গবেষণা) পদে দায়িত্বরত ছিলেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব গোলাম আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
নতুন মহাপরিচালক রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ধান গবেষণা ইনস্টিটিউটের সবাইকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাব।
ড. মো. রফিকুল ইসলাম ১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৯৮ সালে এ প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন রফিকুল ইসলাম। তিনি গত ২৭ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার ৮০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি গবেষণা সংশ্লিষ্ট কাজে জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।





