ধানক্ষেতের পাশে ৩ বস্তায় মিলল মরদেহের ৬ টুকরো

ধানক্ষেতের পাশে একটি তালগাছের গোড়ায় পড়ে ছিল তিনটি প্লাস্টিকের বস্তা। বস্তাগুলোর মুখ বাঁধা থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে সেগুলো খুলতেই বেরিয়ে আসে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছয়টি বিচ্ছিন্ন মরদেহের অংশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানক্ষেতের পাশে একটি তালগাছের গোড়ায় তিনটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। বস্তাগুলোর মুখ বাঁধা থাকায় সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খোলা হলে সেগুলোর ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

