logo

গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ৫০ হাজার টাকা জরিমানা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ৫০ হাজার টাকা জরিমানা
ছবি : এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অপরাধে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে হাটে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বটতলা হাটে গরু প্রতি সরকার নির্ধারিত খাজনা ৬০০ টাকা এবং ছাগল প্রতি ৩০০ টাকা। কিন্তু ইজারাদার ক্রেতাদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে প্রতি পশুর বিপরীতে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করছিল। এছাড়া অনেক রসিদে টোলের প্রকৃত পরিমাণ উল্লেখ না করে ফাঁকা রাখা হচ্ছিল-এমন সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে নিজের অপরাধ স্বীকার করায় ইজারাদার আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টোল আদায় করে সাধারণ ক্রেতাদের হয়রানি করার অপরাধে ইজারাদারকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।