logo

পুড়িয়ে দেওয়ার শঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

পুড়িয়ে দেওয়ার শঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
পুড়িয়ে দেওয়ার শঙ্কায় রগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় বরগুনায় সকাল থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে বরগুনা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই বরগুনা থেকে ঢাকাগামী সব পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরগুনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে ফিরে গেছেন। তবে বরগুনার অভ্যন্তরীণ রুটসহ বরগুনা থেকে বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বিভাগের সঙ্গে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বরগুনা থেকে বরিশালগামী বাস চলছে। ঢাকাগামী পরিবহন শনিবার রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস আসছে। নিরাপত্তার স্বার্থে আজ রোববার রাজধানীর সঙ্গে পরিবহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা নিরাপত্তার স্বার্থে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেন, শনিবার রাত থেকে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও সকাল থেকে বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।