আন্ডারপাসের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ, দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে দূরপাল্লার যাত্রী, পরিবহনচালকসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, এশিয়ান হাইওয়ে সড়কটি বর্তমানে ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। কালাদী এলাকায় সড়কের দুই পাশে কয়েকটি গ্রামে প্রায় ছয় হাজার মানুষের বসবাস। এসব এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিদিন স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জীবিকার প্রয়োজনে নিয়মিত সড়কটি পার হন। ব্যস্ত ও দ্রুতগতির এ সড়ক পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের।
এলাকাবাসী জানান, প্রায় সাত বছর ধরে কালাদী এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। এ দাবিতে সড়ক ও জনপথ অধিদপ্তরে আবেদন করার পাশাপাশি একাধিকবার মানববন্ধনও করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে দাবি পূরণের আশ্বাস দিলেও আন্ডারপাস নির্মাণ ছাড়াই সড়কের উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।

এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টার দিকে কালাদীসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ নারী-পুরুষ সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে তারা এশিয়ান হাইওয়ের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দুপুর পৌনে ১টার দিকে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আগামী বুধবার কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হয়।
এই আশ্বাসের পর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিয়ে সড়ক থেকে সরে যান স্থানীয়রা। একই সঙ্গে আগামী বুধবার পর্যন্ত ওই এলাকায় সড়ক সংস্কারের সব ধরনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, আন্ডারপাস নির্মাণ না হলে ছয় লেনের ব্যস্ত সড়কটি চালু হওয়ার পর দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। তাই বুধবারের মধ্যে আন্ডারপাস নির্মাণের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে তারা পুনরায় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, স্থানীয়রা সড়কে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থলে এলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে আলোচনা করার ব্যবস্থা করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।



