logo

টিউশনি শেষে বাড়ি ফেরা হলো না জোবায়েরের, পথে পিটিয়ে হত্যা

টিউশনি শেষে বাড়ি ফেরা হলো না জোবায়েরের, পথে পিটিয়ে হত্যা
নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধারের পর হাসপাতালে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে পুকুরিয়া এলাকায় টিউশনি শেষ করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে পূর্বের কথা কাটাকাটির জের ধরে ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে থাকেন জোবায়ের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সাধারণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।