রাজশাহীতে ১২০ জনকে কর্মসংস্থানের উপকরণ দিল রাসিক

রাজশাহী মহানগরীর ১২০ কর্মহীন ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষকে স্বাবলম্বী করে তুলতে কম্পিউটার, সেলাই মেশিন ও ব্যবসায়িক কার্ট বিতরণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডকা) ও রাসিকের উদ্যোগে এসব উপকরণ দেওয়া হয়। এর মধ্যে ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে ব্যবসায়িক কার্ট দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মহীন জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে প্রকল্পটির কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, উদ্যোক্তাদের সহায়তা এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহিত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম সম্প্রসারণে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুম, রাসিকের অন্যান্য কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, সিডিসির নেতারা ও সদস্য এবং উপকারভোগীরা।
উপকারভোগীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি। তারা বলেন, এসব সহায়তা সরঞ্জাম তাদের আয়ের সুযোগ তৈরি ও জীবিকা নির্বাহে সহায়তা করবে। এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। সহায়তা পেয়ে তারা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাসিকের সহযোগিতায় বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসিবি) প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

