লাউয়াছড়া উদ্যানের সেগুন গাছটি কাটল কে

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশাল আকৃতির একটি সেগুন গাছ কাটার খবর পাওয়া গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরের দিকে লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া সংলগ্ন শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশ থেকে গাছটি কাটা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্যানের ভেতর থেকে গাছটি কেটে ভানুগাছ বাজার হয়ে পাচার করা হয়েছে। তবে কে গাছটি কেটেছে, কার মাধ্যমে কোথায় পাচার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বন বিভাগ সূত্র জানায়, সোমবার রাতে জানকিছড়া গেটে দায়িত্বে ছিলেন সিপিজি সদস্য বাবুল। লাউয়াছড়া প্রধান ফটকে বিট কর্মকর্তা টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে সড়কের পাশ থেকে গাছটি কেটে নিয়ে গেল চোরচক্র, সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।
ভানুগাছ বাজারের এক পথচারী জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি হলুদ রঙের ‘ডায়না’ ট্রাক প্রচণ্ড গতিতে উপজেলা চৌমুহনীর দিকে যেতে দেখা যায়। তেরপল দিয়ে ঢাকা ট্রাকটির ওপর লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বসা ছিলেন। গাড়িটির ঠিক সামনে মোটরসাইকেলে চড়ে দুজনকে পাহারা দিয়ে যেতে দেখেছেন তিনি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গাছ চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
গাছ চুরির সঙ্গে বন বিভাগের কেউ জড়িত কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বন বিভাগের কেউ যদি জড়িত থাকে এবং প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


